Logo
প্রিন্টের তারিখ: 04 September 2026 | প্রকাশের তারিখ: Sep 5, 2026

সংবাদ শিরোনাম : ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও পুনর্বাসন কাজে মোট ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলি অধিদপ্তর (এলজিইডি)।

২০২৬–২৭ অর্থবছরে সরকারি এ বরাদ্দের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়নের পথ খুলেছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বরাদ্দের মধ্যে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সীডস্টোর বাজার থেকে ঝালোপাজা সড়কের ৩ কিলোমিটার অংশের উন্নয়ন ও পুনর্বাসন কাজে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলজিইডির প্রকল্প-সংক্রান্ত চিঠিতে সড়কটির Road ID 361133012 উল্লেখ করা হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী, সীডস্টোর বাজার (হবিরবাড়ী ইউপি)–ঝালোপাজা সড়কের চেইনেজ ০ থেকে ৩০০০ মিটার অংশে এ কাজ বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে, ভালুকা জিসি থেকে মেদিলা বাজার হয়ে বিরুনিয়া জিসি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক সংস্কার কাজে আরও ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এলজিইডি। ২০২৬–২৭ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকল্প পরিচালক মো. আহসান কবির স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে বরাদ্দ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি ওই চিঠিতে ময়মনসিংহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বরাদ্দকৃত অর্থের মধ্যে সীমাবদ্ধ রেখে জরুরি ভিত্তিতে কাজের প্রাক্কলন (ইস্টিমেট) প্রস্তুত করে আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় বিশেষ করে বর্ষাকালে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। সড়ক দুটির উন্নয়ন ও পুনর্বাসন কাজ দ্রুত বাস্তবায়ন হলে সাধারণ মানুষ, পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল সহজ হবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভালুকার সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এ দুটি সড়কের উন্নয়নে বরাদ্দ পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি বাস্তবায়ন হলে ভালুকার স্থানীয় সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও গতিশীল হবে। পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF